#চিঠি - ২
শর্মি,
কাল রাতে জ্বর এসেছিলো-ঘুমের ঘোরে।দু'দিন ধরে মাঝরাতে জাপটে ধরছে জ্বর।হাতড়ে খুঁজেছি তোকে সারারাত-পাইনি তো।ফোন করেছিলাম,জানাবো বলে-"জানিস,আমার খুব জ্বর।উঠতে পারছি না।" কাল থেকে এখনও, কিছুই খাওয়া হয়নি।সারারাত আমার কপালে তোর হাত ছিলো।দেখলাম,আমাদের সেই কাঠের বাড়ি তৈরি।ঝুলন্ত চেয়ার,বাইরে বৃষ্টি পড়ছে।
তোর মনখারাপ হলে,আমি বেশ বুঝতে পারি।একটা গরম হাওয়া এসে বলে যায়-"ওপারে যে মনখারাপের রাত!"...আমি হারিয়ে যেতে থাকি।
বিছানা ছাড়লাম যখন তখন দশটা বাজতে তিরিশ মিনিট বাকি।ফোন খুলে ভাবলাম তোর কিছু কথা পাবো!না,তাও পাইনি।
বিরক্ত করছি?আজ তবে থাক।বিরক্ত করতে চাইনি কখনো।সারাজীবন যেখানেই থাকি,যেমন কাজই করি,জীবন আমার উপর যতই বোঝা চাপিয়ে দিক-সময় আমাকে তোর বিপরীতে রাখতে পারবে না।চরম ব্যস্ততার মধ্যেও তোর সাথে কথা বলার সময়ের অভাব হবে না,শর্মি।ভালোবাসলে সময়ের অভাব হয়না।
ফুরিয়ে যাওয়ার দিনেও,তোর আঙ্গুল ছুঁয়ে থাকতে চাই,বুঝলি?
Comments
Post a Comment