Posts

Showing posts from April, 2025

চিঠি _ ৪

চিঠি- ৪ শর্মি, আমি রোজ রাতে তোর নদীর ধার বরাবর হেঁটেছি-বহুদূর।ঢেউয়ের ওঠা-নামার আওয়াজ শুনেছি বুক দিয়ে। খুব ভয় পেলে,আমি তোকে ছুঁয়ে থাকি।কষ্টটা খুব তীক্ষ্ণ হলেও তোর আঙ্গুল ধরে থাকি।তুই জানতেও পারিস না।অবুঝ থাকার চেষ্টা চালাস রোজ। সম্পর্কে তুই দিনের হিসাব রেখেছিস।গভীরতা মেপেছিস কখনো?যে সম্পর্কে খোঁজ নেই,যে সম্পর্কে চিন্তার বাষ্প জমে না,যে সম্পর্ক ঘুম ভেঙে তোর আদুরে গলা শোনে না,যে সম্পর্কে ঘুমপাড়ানি গান নেই, যে সম্পর্কে  দিনের শেষে ক্লান্ত কপাল হাতের ছোঁয়া নেই-সেই সম্পর্ক কি আদৌ নিঃশ্বাস নেয় ,শর্মি?

#চিঠি_৩

শর্মি, কিছু কিছু দিন সকাল হয়েও হয়না।একটা মনখারাপি হাওয়া, ঢেকে রাখে চারিদিক।আমি একলা বসে থাকি। প্রতিটি নিস্তব্ধতারও একটা আওয়াজ থাকে।প্রতিটা প্রত্যাখ্যানেরও একটা নিজস্ব আড়াল থাকে। আজও জ্বর এসেছে-ভালোবেসে নিঙড়ে নিচ্ছে আমায় প্রতিদিন।তোর মুখোমুখি বসে অনেক কিছু বলতে চাই,বলার আছে তো! তোকে তোর মতো থাকতে দিতে পারি না।একা একা তোকে ভেঙে যেতে দেখলে,ভিতরটা গুঁড়িয়ে যায়,শর্মি। ওই গুমোট হাওয়া কে আমার ঠিকানা দে।আমি চারপাশে মেঘ জমিয়ে রাখি।তোর নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে শর্মি?আমারও এদিকে কাশির দমক বেড়েছে। রাত আরো ঘন হয়ে উঠছে।ঝিঁঝি পোকারাও আজ চুপচাপ আছে।আমার যাপনে তুই কতটা আছিস,মাপতে গেলেই আমি সমুদ্র খুঁজে পাই। দূর থেকে একটা গান ভেসে আসছে-"যদি জানতেম......."

#চিঠি - ২

শর্মি, কাল রাতে জ্বর এসেছিলো-ঘুমের ঘোরে।দু'দিন ধরে মাঝরাতে জাপটে ধরছে জ্বর।হাতড়ে খুঁজেছি তোকে সারারাত-পাইনি তো।ফোন করেছিলাম,জানাবো বলে-"জানিস,আমার খুব জ্বর।উঠতে পারছি না।" কাল থেকে এখনও, কিছুই খাওয়া হয়নি।সারারাত আমার কপালে তোর হাত ছিলো।দেখলাম,আমাদের সেই কাঠের বাড়ি তৈরি।ঝুলন্ত চেয়ার,বাইরে বৃষ্টি পড়ছে। তোর মনখারাপ হলে,আমি বেশ বুঝতে পারি।একটা গরম হাওয়া এসে বলে যায়-"ওপারে যে মনখারাপের রাত!"...আমি হারিয়ে যেতে থাকি। বিছানা ছাড়লাম যখন তখন দশটা বাজতে তিরিশ মিনিট বাকি।ফোন খুলে ভাবলাম তোর কিছু কথা পাবো!না,তাও পাইনি। বিরক্ত করছি?আজ তবে থাক।বিরক্ত করতে চাইনি কখনো।সারাজীবন যেখানেই থাকি,যেমন কাজই করি,জীবন আমার উপর যতই বোঝা চাপিয়ে দিক-সময় আমাকে তোর বিপরীতে রাখতে পারবে না।চরম ব্যস্ততার মধ্যেও তোর সাথে কথা বলার সময়ের অভাব হবে না,শর্মি।ভালোবাসলে সময়ের অভাব হয়না। ফুরিয়ে যাওয়ার দিনেও,তোর আঙ্গুল ছুঁয়ে থাকতে চাই,বুঝলি?

#চিঠি- ১

শর্মি, সময় আমার অনেক আছে।মুহূর্তগুলো আমি যুগের হিসাবে মেপেছি।স্বপ্ন-ধারণা-বিশ্বাস খুব তীব্র হয়, জানিস? হটাৎ করে অসম্ভবের সামনাসামনি হতে ভয় পাই না,বিশ্বাস কর।কিন্তু বুকের বাঁ-দিকটা খাঁমচে ধরে,নিঃশ্বাস টা আটকে-আটকে আসে। সব সম্পর্কে নিঃশ্বাস থাকে না,সব ভালোবাসায় চোখ থাকে না,সব প্রেমে খোঁজ থাকে না... আকাশটা ছোটো হয়ে আসছে।নীল রংটা ফুরিয়ে এলো বলে!সেই ষাট বছর বয়স-পাশাপাশি দুটো চেয়ার-তুই পড়ছিস-'আমি তোমাকে এমন ভাবে চাই'... আমাদের আর একসাথে বেঁচে থাকা হোলো না,শর্মি...ভালোরাখা আর maturity -এর মধ্যে ফারাক কয়েক যোজন।প্রথমটাতে,চোখ বুজে একসাথে কয়েক জন্ম হেঁটে যাওয়া আছে,আর দ্বিতীয়টিতে একবুক ঠাসা দীর্ঘশ্বাস!