চিঠি ৮

🌿শর্মি,


'তুই' মানে একটা বৃষ্টি ভেজা শহর,একটা শান্ত ছায়া,একটা নীলকণ্ঠ ফুলের মাঠ,একটা লাল রঙের বিকেল,একটা আগলে রাখা রাত,আর ভালোবাসার হাত।আমি হাঁটি তোর আঙ্গুল ধরে,তোকে বুকে নিয়ে দৌড়ে যাই,আবার হাঁফিয়ে গেলে-তোর কোলে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে পড়ি,আর তুই তোর নরম হাতের আলতো ছোঁয়ায় ঘুম পাড়িয়ে দিস।ঘুমের ঘোরে স্বপ্ন আসে রোজ।তুই-আমি সব এক হয়ে যায়।আলাদা করতে পারিনা কিছুতেই,আসলে চাইনা।মেঘ করে আসে,বৃষ্টি নামে মুষলধারে,এক হাঁটু জল জমে ঘরের ভিতরে।আমাদের সুখ-দুঃখ,ঠিক-ভুল,রাগ-অভিমান ভেসে যায় কাগজের নৌকা হয়ে।


আমার তো গল্প বলা কাজ।গল্পে-গল্পে রাত কেটে ভোর হয়ে আসে।চোখ বুজে আসে।ঘুম ভেঙে বুঝি তুই নেই।সারাদিন খুঁজে মরি।বইয়ের তাকে,হাতের সুতোয়,মানিব্যাগের হলুদ এক চিলতে কাপড়ে,ঘড়ি,টি-শার্ট,বিছানা,চাদরে-কোথাও নেই।বুকে হাত রাখি,তোকে খুঁজে পাই।


আসলে আমরা ছেড়ে যাওয়ার আগে শুধু ভুলের হিসেবে খাতা ভরে ফেলি।ভালোবাসার হিসেব করার কথা ভেবেও দেখি না।রাগের কথাগুলো ধরতে গিয়ে,ভালোবাসার কথাগুলো হারিয়ে যায়।ভুল আর অপরাধের মধ্যে একটা ছোট্ট সুতোর ফারাক।আর সেটা হলো 'উদ্দেশ্য'।উদ্দেশ্য খারাপ হলে সেটা অপরাধ বলে।আর আমার সব কথা,সব কাজ,সব ভুলের পিছনে একটাই উদ্দেশ্য তোকে নিজের করে রাখা।তোকে হারাতে না দেওয়া।ভুল করেছি তবে,তোকে হারাতে চাইনি।কিন্তু ইংরাজি-তে একটা প্রবাদ আছে- " In a relationship,if your intentions are pure,she loses you."


এই সাম্রাজ্য,এই শহর,এই শরীর-মন,বুকের বাঁ-দিকের ওঠা-নামা সব তোর।শুধু তোর।খুব আদর পেলে তোকেই জড়িয়ে ধরি আবার খুব আঘাত পেলে তোকেই রক্তাক্ত করি।কেউ নেই তো সহ্য করার,ভালোবেসে আগলে রাখার।ভুলে যাই,সবার মতো তোরও সহ্যের সীমা আছে।ধৈর্য্যের বাঁধ আছে।আসলে সেরকম ভাবে বড়ো হয়ে উঠিনি এখনো।তবে বয়স বেড়েছে নিয়ম মেনে।সত্যিই তো,আর কতো সহ্য করবি?


আর কি!বুক চেপে,মুখ বুজে থেকে যাবো।থাকতে হবে।নিয়ম করে আমার খারাপ থাকার বিজ্ঞাপন,কাঁটা-ছেড়ার দিন যাপন- সব তোকেই বলে ফেলবো একদমে,শুধু তুই শুনতে পারবি না।বুঝতে পারবি ঠিকই।আসলে কারিগরই তো পিটিয়ে,পুড়িয়ে,যা কিছু গলদ ফুঁ দিয়ে উড়িয়ে মনের মতো তৈরী করে নেয়।সেই কারিগর হাঁফিয়ে গেলে?উচ্ছিষ্ট হয়ে পড়ে থাকে একটা কোণায়।


সময় মেপে রাত এসে ঝাঁপিয়ে পড়েছে দ্যাখ।হাতড়ে খুঁজছি তোকে।একটুও কাঁদছি না।তবু,অন্ধকারে চোখ ঝাপসা হয়ে আসে।শুধু আরো একটা ভোরের অপেক্ষা,তারপর আরো একটা রাত।তোর পাহারায় আছি,তোর আদরেই বাঁচি।


আর শোন- ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি।

Comments

Popular posts from this blog

চিঠি _ ৪

#চিঠি - ২

#চিঠি_৩