#চিঠি_৭ (কোয়ারেন্টেশন_স্পেশাল )

শর্মি,

আমরা একটা আকাশের নীচেই আছি।একই সূর্য আমাদের আলো দিচ্ছে আর একটাই চাঁদ রোজ আমাদের স্বপ্ন পাঠায় মেঘলা খামে।


শর্মি,যা কিছু তুই আগলে রাখিস,সজীব হয়ে ওঠে।এই যে যেমন আমি!আলতো ছোঁয়ায় রাগ থামিয়ে,বৃষ্টি নামাস!হাতের আড়ালে ছায়ায় রাখিস,ঘুমপাড়ানি গল্প বলিস!


আমি তো খুব বদমেজাজি, একরোখা এক অবুঝ ছেলে।কষ্ট পেলে তোকেই কাঁদাই,আবার তোকে জড়িয়েই কান্না থামাই।আমার দেওয়া আঘাত-আঁচড়,কেমন বুক পেতে নিস!সেগুলোও নাকি তোর ভালোলাগা-ভালোবাসার ঘরবাড়ি!এমন করে কে আর রাখে,কে আর থাকে আমার সাথে?কপাল ছুঁয়ে,মেঘ সরিয়ে,নিজের গল্প নিজেই লিখিস!


রোজই বলিস,থাকবি না আর আমার সাথে!ছেড়ে যাওয়ার কি অমোঘ টান!তোকে থামায়,শিবের বাবার সাধ্য নেই!আমি তো সেই শিবের চ্যালা!ঝগড়া করি,গল্প বলি,গরম মাথায় হাত বুলিয়ে,আবার তোকে ঠান্ডা করি!এখন কেমন?চারপাশে শুধু চারটে দেয়াল,মধ্যিখানে আমরা দুজন-মাঝখানে প্রায় একশ যোজন!


চুপচাপ থাক।গল্প বলি?...চারপাশে দেখ,জীবন কেমন সবচেয়ে দামী!বাঁচতে হবে,থাকতে হবে,স্বপ্নধূলোয় হাঁটতে হবে!আর মাত্র কয়েকটাদিন!স্রোতের মতো হারিয়ে যাবে।জীবন আবার ব্যস্ত পায়ে,চোখ রাঙিয়ে রঙীন হবে!


বলতাম না?আমরা সবাই কাঠের পুতুল!সময় নিজের ছন্দে চলে!থেকে যায় শুধু আমাদের কাজ।অতীত যদি বর্তমানকে চালায়,বর্তমান-ও ভবিষ্যতের মালিক।


বন্দী থাকার দ্বিতীয় দিন!এতসব ভারী ভারী কথার শেষে একটা সত্যি কথা বলবো?খুব ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করছে,জানিস?এই একটু লুচি, খাসীর মাংস,বিরিয়ানি,ফ্রায়েড রাইস,চিলি চিকেন,আরো কত কি!


আচ্ছা,তবে তুই দেওয়ালের বালি গোন, আর বালি খসিয়ে ইঁট!😟😒

Comments

Popular posts from this blog

চিঠি _ ৪

#চিঠি - ২

#চিঠি_৩